সন্ধ্যার নাশতায় মোগলাই পরোটা
ছোট বড় সবার কাছেই প্রিয় খাবার মোগলাই পরোটা। রাস্তার পাশে অসাস্থ্যকর পরিবেশে তৈরি করা নাশতা না কিনে ঘরেই তৈরি করে ফেলুন পরিবারের সবার প্রিয় খাবারটি। চলুন দেখে নেই, অল্প সময়ে সুস্বাদু মোগলাই পরোটা তৈরির রেসিপি।
যা যা প্রয়োজন
ময়দা- দুই কাপ
তেল- তিন চা চামচ
লবণ- পরিমাণ মতো
কাঁচামরিচ কুচি- দুইটি
পেঁয়াজ কুচি- দুই চা চামচ
ডিম- দুটি
পানি- পরিমাণ মতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে ময়দা, লবণ ও তেল একসাথে মিশিয়ে ময়ান করুন। এতে সামান্য পানি দিয়ে নরম খামির তৈরি করে আধা ঘণ্টা ঢেকে রাখুন।
এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম ও লবণ একসঙ্গে ফাটিয়ে ভালো করে নাড়া দিন।
এখন পিঁড়িতে তেল মেখে বানানো খামির থেকে পরিমাণ মতো ময়দা নিয়ে হালকা তেল মাখিয়ে রুটির মতো তৈরি করুন এবং এর উপরে ফাটানো ডিম ছড়িয়ে দিয়ে চার পাশ দিয়ে ভাঁজ করে নিন যাতে ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে।
এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে পরোটা ভেজে নিন। চুলার জ্বাল মাঝারি আঁচে রাখুন এবং হালকা বাদামি হলে নামিয়ে ফেলুন।
এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার মোগলাই পরোটা।

Comments
Post a Comment